কবিতা: চন্দ্রসূর্য বন্দনা

চাঁদের জয় হোক,
পরোপকারী ভদ্রলোক,
আস্ত খেঁদো ফালি সব অবস্থাতে
যথাসাধ্য লণ্ঠনের কাজ করে রাতে ॥

সূর্য্যকে নমস্কার,
এই দেবতাটি মহা ফাঁকিদার,
চৌপর রাত দেখা নেই মোটে,
দিনের বেলা রূপ দেখাতে ওঠে,
যখন তার দরকার কিছু নেই—
আরে, আলো তো ভর দিন থাকেই ॥

তবে লোকে সূর্য্যকে কেন চায়?
কবিরা বলেন বটে—জ্যোৎস্নায়
ফুল ফোটে, মলয় বয়, হেন হয় তেন হয়,
কিন্তু কচি ছেলের কাঁথা কি চন্দ্রালোকে শুখয়?
আমসত্ত্ব ঘুঁটে আর কাঁচা চর্ম্ম,
এসব শুখোনো কি চাঁদের কর্ম্ম?

আজ্ঞে না। আমার জানা আছে যদ্দূর,
তার জন্য চাই কাঠফাটা কড়া রোদ্দূর।
সূর্য্যসৃষ্টির কারণই মশাই এই,
বিধাতার রাজ্যে অনর্থক কিছু নেই ॥
অতএব গাও চাঁদের জয় সূর্য্যির জয়,
দুটোর একটাও ফেলবার নয় ॥

১১।২।৪৫