কবিতা: জল
১
কৌমুদী প্লাবিত কুসুম কাননে,
ধীর বিকম্পিত সুরভি পবনে।
হরিত ভূষিত সরসী আসনে,
অমল বিমল তরল জল ॥
২
উরসে ভাসিত রবিকর জ্বালা,
ফেন পুঞ্জময় বীচিরঙ্গশালা।।
আলোড়িত ঘোর তরঙ্গের মালা,
ধবল উজ্জ্বল চঞ্চল জল ॥
৩
নব পল্লবিত তরুশাখা 'পরে,
কুসুমের দাম শোভে থরে থরে।
ফুলদল অঙ্গে সমীরণ ভরে,
অধীর নিশির শিশির জল ॥
৪
গভীর গরজে নভ নিনাদিত,
বিজলী আলোকে দিক উদ্ভাসিত।
প্রাবৃট আকাশে মেঘ বিগলিত,
সুখদ সুহৃদ বারিদ জল ॥
৫
তনু বিদাহিত খর রবিকরে,
প্রখর উত্তাপে ঘন শ্বাস সরে।
তৃষিত মানব জীবনের তরে,
বিমল কোমল শীতল জল ॥
৬
গভীর বিষাদে হৃদয় পূরিত,
শোক দুঃখ ভরে মানস দহিত।
তাপিত মানব হৃদি বিগলিত,
পাষাণ গলন নয়ন জল ॥
৭
মোহন মুরতি জগৎ ভূষণ,
তরল ধবল হীরক বরণ।
সুন্দর তোমার রূপ অগণন,
সৃজন ললাম শোভন জল ॥