কবিতা: বনফুল ( পাণ্ডুলিপি )

বনফুল

হে ডাক্তার, চিরিয়াছ বহু কলেবর,
যন্ত্রযোগে দেখিয়াছ সূক্ষ্ম দেহকলা,
সূক্ষ্মতর অণুজীব রোগের নিদান।
কৌতূহলী মন তব মানে নাই সীমা,
শুষ্ক প্যাথোলজি তাই ছাড়ি’ ক্ষণে ক্ষণে
ছুটিয়াছ প্রফেশন-বহির্ভূত পথে।
মানবচরিত্র মাঝে করেছ মৃগয়া,
সুখদুঃখ হাসিকান্না রাগদ্বেষ যথা
দ্বন্দ্ব করে নিরন্তর। ধরিয়া আনিয়া
অগণিত নিদর্শন, লিপির কৌশলে
রচিয়াছ বহুবিধ বিচিত্র স্লাইড।
শ্রীমধুসূদন যথা ব্যবহারজীবী,
বঙ্কিম ডেপুটি যথা, রবি জমিদার,
তেমনি ভিষক্ তুমি বিধির বিপাকে’
নেশা তব মানিল না পেশার বাঁধন,
বনফুল দিল চাপা বলাই ডাক্তারে॥


রা. ব.

২২-৬-৪২