কবিতা: সরস্বতী

ফুল্ল কমল দল মানস সরসে
ধীর বিকম্পিত মারুত পরশে
বিম্বিত গিরি শির তুষার নীরে
অমল ধবল জল চঞ্চল ধীরে।

ভাসিত রবিকর দূর দিগন্তে
রঞ্জিত লোহিত তরুশির অনন্তে
পবন প্রবাহিত কুসূম সুবাস
পূরিত গিরিবর বিলাস আশ।

প্রণত তপন কর পদযূগ পদ্মে
রাজিত পদতল সরসিজ সদ্মে
অপর চরণতল মরাল অঙ্গে
ধবল ধবল পর শোভিত রঙ্গে।

ভীত পবনকৃত নিশ্চল বাসে
প্রভাৎ রবিকর বিম্বিত ত্রাসে
বীণা বাদিত করতল কমলে
যন্ত্র বিচর্চিত মলয়জ ধবলে।

সংগীত উত্থিত সকণ্ঠ সঙ্গে
প্লাবিত অম্বর গীত তরঙ্গে
শত শত দেব অমরগণ তপনে
বর্ষিত কুসূমাঞ্জলি যূগ চরণে।

কাব্য জগৎময় পূজিত জননী
অদ্য তব স্তব নাদিত ধরণী
শত নর যাচিত শতাংশ ভার
বিদ্যা কবিতা সংগীত হার।

কি তব সকাশে চাহিব আর
ফলিত স্বকর্ম্মে যাচন ভার
প্রার্থনা পূরিত আংশিক তপনে
পরাংশ সাধিত নর হৃদি যতনে।

মোহবশে নর সৎপথ ভ্রষ্ট
মম হৃদি বৃত্তি মুকুলে বিনষ্ট
আত্ম ছলন কৃত মন দুঃখ ভার
মাতঃ সে সব বিপদ নিবার॥